জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের মানুষ এবার আর কোনো ঋণখেলাপি ও অতিথি পাখিকে ভোট দেবে না। যদি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে নিরপেক্ষ হতো এবং ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের প্রার্থিতা বাতিল করত, তাহলে আমরা ইতিমধ্যে অন্তত ২০টি আসনে জয়ী হতাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত নির্বাচনী পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, এনসিপির লড়াই চাঁদাবাজির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্বের লড়াই এবং মা-বোনদের ইজ্জত রক্ষার লড়াই।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড না দিয়ে যদি এন্টি-চাঁদাবাজির কোনো কার্ড দেওয়া যেত, তাহলে জনগণ সেই কার্ড দেখিয়ে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেত। আজ দেশের মানুষ চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে মুক্তি চায়।
আরো পড়ুন
দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না : জামায়াত আমির
দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না : জামায়াত আমির
তিনি আরো বলেন, যারা ভোট দখলের প্রস্তুতি নিচ্ছেন, তারা যেন সকালে ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের কাছ থেকে দোয়া নিয়ে বের হন। জুলাইযোদ্ধা ও সাধারণ জনগণকে ভয় দেখিয়ে ভোট দখলের চেষ্টা করবেন না।
যারা ভোট দখল করতে চায়, তাদের প্রতিরোধে ছাত্রশক্তি ও ছাত্রশিবিরই যথেষ্ট বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।
নির্বাচনী এ পদযাত্রায় দিনাজপুর-৫ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. আব্দুল আহাদ, এনসিপির মুখ্য আহ্বায়ক মুনিরা শারমিন, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।