কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি সাবমেশিন গান (এসএমজি), গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৪ মার্চ) দুপুরে নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানে এ অভিযান পরিচালিত হয়।
পরে রাত ১২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ৬৪ বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রেখেছে।
সম্প্রতি জিম্বংখালী বিওপির দায়িত্বাধীন এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের বিচরণের তথ্য পাওয়া গেলে সেখানে তৎপরতা বাড়ানো হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, জিম্বংখালী একটি টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৫-এর প্রায় ৮০০ গজ উত্তরে এবং বিজিবির ৫.৫ নম্বর পোস্টের পূর্ব পাশে নাফ নদী তীরবর্তী কেওড়া বাগানে বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তল্লাশি শেষে পরিত্যক্ত অবস্থায় মায়ানমারে তৈরি একটি এসএমজি, ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম দমনে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।