শিরোনামঃ

আসছেন রবিবার প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় কিশোরগঞ্জ


আসছেন রবিবার প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় কিশোরগঞ্জ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় কিশোরগঞ্জ

কি‌শোরগ‌ঞ্জ জেলা শহ‌রের পুরনো স্টে‌ডিয়ামে চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠা‌নের জন্য মঞ্চ নির্মা‌ণের কাজ। বৃহস্পতিবার বিকেলে তোলা। -কালের কণ্ঠ

রাজধানী ঢাকার বাইরে প্রথমবারের মতো জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন হতে যাচ্ছে কিশোরগঞ্জে। এ উপলক্ষে আগামী রবিবার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর ঘিরে জেলার তিন উপজেলা—সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ায় থাকছে নানা কর্মসূচি।

 

 

 

এসব কর্মসূচির মধ্যে রয়েছে পাকুন্দিয়ায় পুরনো ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন এবং সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ। এর বাইরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

নির্বাচনের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর। তার এ সফরকে ঘিরে জেলাবাসীর মধ্যে জন্ম নিয়েছে আশাবাদ।

 

 

স্থানীয়রা মনে করছেন, উন্নয়ন বঞ্চনার শিকার জেলাটিতে এবার আশানুরূপ উন্নয়ন হবে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, আসন্ন সফরের মাধ্যমে কিশোরগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা বাস্তবায়নে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ করেছেন।

 

 

 

বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা যায়, জেলা শহর ও কটিয়াদীর রাস্তাঘাট সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো পরিষ্কার করা হয়েছে। সার্কিট হাউস সাজিয়ে দৃষ্টিনন্দন করা হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ও তার বক্তব্য শুনতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।

 

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসী মনে করছে এবার প্রকৃত অর্থেই উন্নয়নের ছোঁয়া মিলবে।

 

 

বেকারত্ব ঘুচবে ও যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

স্থানীয়দের ভাষ্য, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কটি চার লেনে এবং ভৈরব-ময়মনসিংহ রেলপথটি ডাবল লাইনে রূপান্তর করা অত্যন্ত জরুরি। বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে প্রস্তাবিত কিশোরগঞ্জ ইপিজেড এবং দেশি চিনি শিল্পের ঐতিহ্য ফেরাতে কালিয়াচপড়া চিনিকল সচল করা এখন সময়ের দাবি।

 

দ্রুততম সময়ের মধ্যে রাজধানী ঢাকায় যাতায়াত ও মুমূর্ষু রোগীদের স্থানান্তরে বাজিতপুরের সরারচরে নির্মিত বিশাল এয়ারট্রিপটি বিমানবন্দরে রূপান্তরিত করার দাবিও অনেক পুরনো। বন্ধ থাকা কিশোরগঞ্জ টেক্সটাইল মিলটি চালু করার দাবিও ঝুলে রয়েছে দীর্ঘদিন ধরে। এ ছাড়া ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথে আরো দুটি নতুন আন্তঃনগর ট্রেন চালু, হাওরকেন্দ্রিক মৎস্য হিমাগার নির্মাণ, নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, কুলিয়ারচর, বাজিতপুর ও কটিয়াদী উপজেলাকে গ্যাস সঞ্চালন লাইনের আওতায় আনা; নিকলীসহ হাওরের পর্যটনে মনোযোগ বাাড়ানোরও দাবি রয়েছে কিশোরগঞ্জ জেলাবাসীর।

 

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ জেলা সফরের সূচিতে জানানো হয়েছে, তিনি রবিবার সড়কপথে কিশোরগঞ্জ আসবেন। এদিন সকাল সাড়ে ১১টায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরনো ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনের পর দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

 

বেলা আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে কিছুক্ষণ বিশ্রাম নেবেন তিনি। বিকেল ৪টায় জেলা শহরের পুরনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ; অন্যান্য অনুদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যা ৬টার দিকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

 

এদিকে জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সফরকালে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করবেন। এদিন মৎস্যসম্পদ উন্নয়নে অবদান রাখা সারা দেশের ১৪ জন উদ্যোক্তাকে রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদক দেওয়া হবে। পাশাপাশি তিনি সদর উপজেলায় ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম এবং সারা দেশের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার যে পাইলট কার্যক্রম রয়েছে, সেটিও উদ্বোধন করবেন।

 

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন কিশোরগঞ্জের সার্বিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা ও মৎস্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন।

 

দুই সংসদ সদস্য বলেন, বৃহত্তর ময়মনসিংহসহ হাওরাঞ্চলে দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ উৎপাদন হয়। এ কারণে এ অঞ্চলের সম্ভাবনা, উদ্যোক্তা ও খামারিদের সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরতেই প্রধানমন্ত্রীর ইচ্ছায় রাজধানীর বাইরে কটিয়াদীতে এবারের মূল আয়োজনটি করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।