মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও এখনো কাটেনি পুরোপুরি স্থবিরতা। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার বিমানবন্দরটি থেকে বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করলেও ধারাবাহিক শিডিউল বিপর্যয়ে বাতিল হয়েছে ৯টি ফ্লাইট। বিশেষ করে কাতার রুটে এখনো বিমান চলাচল শুরু করা সম্ভব হয়নি।
বিমানবন্দর জনসংযোগ শাখা সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় বাতিল হওয়া ৯টি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট।ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট। এয়ার আরাবিয়ার শারজাহ রুটের ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট। সালাম এয়ারের মাস্কাট রুটের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট।
বিপর্যয়ের মধ্যেও গত দুই দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা ১২টি অ্যারাইভাল এবং ১১টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই বিমানবন্দর থেকে সর্বমোট ৩২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও যাত্রী নিরাপত্তার স্বার্থে কিছু ফ্লাইট এখনো ধারাবাহিকভাবে বাতিল রাখা হচ্ছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও স্থিতিশীল হলে দ্রুতই কাতারসহ অন্যান্য বন্ধ থাকা রুটগুলোতে পুনরায় ডানা মেলবে উড়োজাহাজ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :