শিরোনামঃ

বালু উত্তোলন নিয়ে বিরোধে বিএনপি নেতা-স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ

অনলাইন ড্রেস
বালু উত্তোলন নিয়ে বিরোধে বিএনপি নেতা-স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি জমি থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে জিয়া পরিষদের এক নেতার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলার অভিযোগ করেছেন ওই নেতা।

 

 

এ ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড় গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন রুকিন্দীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন আলম, তার স্ত্রী মাহবুবা খাতুন এবং অপর পক্ষের আক্কেলপুর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সুমন। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চক রোয়াইড় গ্রামের আজাদুলের দোকানের সামনে আলমগীর হোসেন আলম ও আতিয়ার রহমান সুমনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় আলমগীরের স্ত্রী মাহবুবাও সেখানে আসেন। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এতে তিনজনই আহত হন।

 

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

 

আলমগীর হোসেনের ভাষ্য, গ্রামের একটি ফসলি জমি থেকে বালু ও মাটি কাটা বন্ধ করতে তিনি গ্রামবাসীর পক্ষ নিয়েছিলেন। এ বিষয়ে শনিবার উপজেলা বিএনপি নেতাদের উপস্থিতিতে দুই পক্ষের বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের বিষয়টি গ্রামবাসীকে জানাতে গেলে আতিয়ার রহমান মাটি ব্যবসায়ীর পক্ষ নিয়ে তার ওপর হামলা করেন বলে অভিযোগ করেন আলমগীর।

 

তিনি বলেন, এ সময় তার মাথায় এবং তার স্ত্রীর চোখের নিচে ছুরিকাঘাত করা হয়।

 

 

এর আগে আতিয়ার রহমান তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আতিয়ার রহমান সুমন। তার দাবি, আলমগীর হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গত এপ্রিল মাসে তাকে মাদক ব্যবসা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। এ কারণে আলমগীর তার ওপর ক্ষুব্ধ ছিলেন।

 

আতিয়ার রহমান বলেন, শুক্রবার রাতে গ্রামের বাড়িতে গেলে আলমগীর তাকে মারধর করেন। এতে তার বাম হাতে আঘাত লাগে এবং তিনি হাসপাতালে ভর্তি হন। এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। বালু উত্তোলনের সঙ্গেও তিনি জড়িত নন বলে জানান।

 

রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছোয়াত বলেন, বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দুই পক্ষকে নিয়ে বসার কথা ছিল। এর আগেই তারা বিবাদে জড়িয়ে পড়ে।

 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মাসুদ বলেন, ছুরিকাহত হওয়ার ঘটনা শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।