লক্ষ্মীপুরের কমলনগরে দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার চরলরেন্স মধ্য বাজারের শিরোনাম ফ্যাশনে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৩ মার্চ) রাতে কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১১ মার্চ) রাতে চুরির ঘটনাটি ঘটে।পরদিন দোকানের মালিক শাহীন ইকবাল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহিন ও তার ফুফাতো ভাই মহিন উদ্দিন প্রায় ৬ বছর আগে দোকানটি দিয়ে ব্যবসা শুরু করে। তাদের ব্যবসা ভালোই চলছে। ঘটনার রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যায়।
তাদের দোকানের ক্যাশ বাক্সে থাকা ৩ লাখ ৬৫ হাজার টাকা ও প্রায় ২১ লাখ ৯২ হাজার টাকার জামা কাপড় নেই। মালামালের মধ্যে ২০০ পিস শাড়ি, ১৭০ পিস লুঙ্গি, ১৫০০টি থ্রি পিস চুরি করে নিয়ে গেছে। শাড়িগুলোর মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা, লুঙ্গিগুলোর মূল্য প্রায় ১ লাখ ২ হাজার টাকা ও থ্রি পিসগুলোর মূল্য প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা।
দোকানের অংশীদার মহিন উদ্দিন বলেন, শাহীন আমার মামাতো ভাই। আমরা ৬ বছর আগে ব্যবসা শুরু করি। সুনামের সঙ্গেই আমরা ব্যবসা করে আসছি।কখনোই কোনো ধরনের অঘটন ঘটেনি।
ঈদকে কেন্দ্র করে আমরা দোকানে শাড়ি, লুঙ্গি ও থ্রি পিসসহ বিপুল পরিমাণ মালামাল উঠিয়েছে। কয়েকদিনের বেচাবিক্রির টাকাও ক্যাশে ছিল। দোকানের তালা ভেঙে আমাদের নগদ অর্থসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। আমাদের নিঃস্ব করে দেওয়া হয়েছে।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল বলেন, অভিযোগ পেয়েই আমরা ঘটনাটি তদন্তে নেমেছি। প্রকৃত চোরকে শনাক্ত করতে আমরা কাজ করছি। বাজারের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :