শিরোনামঃ

দেশে পৌঁছেছে বাহরাইনে নিহত গিরিশ চন্দ্রের মরদেহ

অনলাইন ডেক্স
দেশে পৌঁছেছে বাহরাইনে নিহত গিরিশ চন্দ্রের মরদেহ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তা গ্রহণ করেন এবং পরিবারের কাছে হস্তান্তর করেন।

বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে গিরিশের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। এসময় সৎকার ও আনুষঙ্গিক খরচের জন্য পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা তুলে দেন মন্ত্রী।এ ছাড়া তিনি ঘোষণা করেন, যথাযথ ওয়ারিশনামা দাখিল সাপেক্ষে নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে আরো ৩ লাখ টাকা প্রদান করা হবে।

 

নিহত গিরিশ চন্দ্র সূত্রধর দীর্ঘ ১০ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। প্রবাসে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি দেশের অর্থনীতিতে অবদান রাখলেও যুদ্ধের ভয়াবহতা কেড়ে নিল তার প্রাণ। তার মৃত্যুতে স্ত্রী ও তিন সন্তানের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘বাহরাইনে সাম্প্রতিক পরিস্থিতিতে এ পর্যন্ত ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে আজ গিরিশ চন্দ্রসহ ৫ জনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। অবশিষ্ট মরদেহগুলো দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।’

মন্ত্রী আরো উল্লেখ করেন, প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও যথাযথ সরকারি তদারকি নিশ্চিত করতে বিদেশ যাওয়ার আগে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক। সঠিক পথে প্রবাসে গেলে বিপদের সময় সরকারের পক্ষ থেকে আইনি ও আর্থিক সহায়তা পাওয়া সহজ হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।