শিরোনামঃ

জলবায়ু পরিবর্তন নিয়ে দেশে আন্তর্জাতিক কোর্স চালু

অনলাইন ডেক্স
জলবায়ু পরিবর্তন নিয়ে দেশে আন্তর্জাতিক কোর্স চালু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলা এবং গ্লোবাল সাউথের দেশগুলোর নিজস্ব অভিজ্ঞতার আলোকে টেকসই সমাধান খুঁজতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক একটি বিশেষ আন্তর্জাতিক কোর্স।

দুই মাসব্যাপী এই হাইব্রিড (অনলাইন ও অন-ক্যাম্পাস) কোর্স আগামীকাল থেকে শুরু হবে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা মোট ১৮টি লেকচার প্রদান করবেন।

আজ বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), সেন্ট্রাল ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর) এবং মিশন গ্রিন বাংলাদেশের আয়োজনে কোর্সের উদ্বোধন উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানিয়েছে, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডান্ডির বিঙ্কস ইনস্টিটিউট ফর সাসটেইনেবিলিটি, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির এশিয়া হাব, চীনের নানজিং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সহায়তায় কোর্সটি পরিচালিত হবে।

এ সময় জলবায়ু বিশেষজ্ঞ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর কেবল তাত্ত্বিক আলোচনার বিষয় নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই। উন্নত বিশ্বের মডেল দিয়ে সব সময় আমাদের দেশের সমস্যা সমাধান সম্ভব নয়। এই কোর্সের মাধ্যমে তরুণ প্রজন্মকে এমনভাবে তৈরি করতে চাই, যারা বৈশ্বিক প্রেক্ষাপট মাথায় রেখে স্থানীয় সমাধান খুঁজে বের করবে।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এন. আস-সাবের বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি মাঠপর্যায়ের গবেষণা ও উদ্ভাবনের সমন্বয় ঘটানোই আমাদের লক্ষ্য। এই কোর্সে বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষক ও পেশাদারদের অংশগ্রহণ জলবায়ু কূটনীতি ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ে এক নতুন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডান্ডির বিঙ্কস ইনস্টিটিউট ফর সাসটেইনেবিলিটির সিনিয়র লেকচারার ও ডিরেক্টর ড. নন্দন মুখার্জি, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির এশিয়া হাব-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর জেনিফার ওয়ারগো এবং চীনের নানজিং এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কো-অপারেশন অফিসের ডেপুটি ডিরেক্টর ড. লিউ ইউটাও, সিথ্রিইআর-এর ডেপুটি ডিরেক্টর রউফা খানম, মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।