শিরোনামঃ

আত্মনির্ভরশীল অর্থনীতি গড়তে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে : ফরিদা আখতার

অনলাইন ডেস্ক
আত্মনির্ভরশীল অর্থনীতি গড়তে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে : ফরিদা আখতার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশের টেকসই উন্নয়ন ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, এ দেশ সম্ভাবনাময়। দেশকে বাঁচাতে হলে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তরুণরা এগিয়ে এলেই এগিয়ে যাবে বাংলাদেশ।

বুধবার (২৮ জানুয়ারি) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় এ কে এগ্রো অ্যান্ড ডেইরি হাব মাঠে অনুষ্ঠিত ‘চট্টগ্রাম অঞ্চলের ডেইরি খাতের উন্নয়ন সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেইরি খাত প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, এ খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি হবে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং জাতীয় অর্থনীতিতে ডেইরি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খোলা বাজারের মাধ্যমে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় দেশীয় উৎপাদন ও উদ্যোক্তানির্ভর খাতকে আরো শক্তিশালী করা জরুরি।

উপদেষ্টা বলেন, আন্দোলন ও সংগ্রামের ইতিহাসে চট্টগ্রামের অবদান অনস্বীকার্য। সেই ঐতিহ্যকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে নতুন প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃত্রিম প্রজনন পরিচালক মো. শাহজামান খান তুহিন, সম্প্রসারণ পরিচালক ডা. বেগম শামছুননাহার আহম্মদ, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মিজ শাহীনা ফেরদৌসী এবং চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. মো. আতিয়ার রহমান।

এ ছাড়া এতে এ কে এগ্রো অ্যান্ড ফার্মের পরিচালক ও বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফার্মস ফ্যাটেনিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেইন, ডিপিডি ডা. হারুন অর রশিদ, পাঁচ শতাধিক খামারি উদ্যোক্তা ছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সেমিনার শেষে প্রধান অতিথি এ কে এগ্রো অ্যান্ড ফার্মের শুভ উদ্বোধন করেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।