নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। আহতদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (২ মে) সকালে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বড় ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনার দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আইনুল হক (৫০) নিহত হন। তিনি উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত কাছম আলীর ছেলে।
এদিকে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আজিম উদ্দিন (৫০) নামের আরেকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।তিনি উপজেলার সাধুপাড়া গ্রামের বাসিন্দা। বাকি দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।