কিছুক্ষণ পর আরেকটি কক্ষে প্রবেশ করে সোজা কক্ষের মাঝ বরাবর চলে যান। সেখানে পরীক্ষারত শিক্ষার্থীদের পরীক্ষা কেমন হয়েছে বলে প্রশ্ন করেন।
নির্দেশ অমান্য করে কুমিল্লার হোমনায় এসএসসি পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রে প্রবেশ করে ফেসবুকে লাইভ সম্প্রচার করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পরীক্ষা শুরুর পর তিনি হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। এক পর্যায়ে ১০টা ১০ মিনিটে টানা ৮ মিনিট ৫৬ সেকেন্ড তার ব্যক্তিগত ফেসবুক ‘অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি’ থেকে লাইভ সম্প্রচার করা হয়।লাইভ সম্প্রচারে দেখা যায়, সংসদ সদস্য সেলিম ভূইয়া হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিঁড়ি বেয়ে দোতলায় উঠছেন। পরে পরীক্ষার হলের একটি কক্ষের সামনে দাঁড়িয়ে শিক্ষক এবং পরীক্ষার্থীদের অঙ্গভঙ্গিতে নির্দেশনা দিচ্ছেন। সেখান থেকে বেরিয়ে সামনের কক্ষের দিকে যাচ্ছেন। এরপর আরো একটি কক্ষে সেলিম ভূইয়া প্রবেশ করে সামনের বেঞ্চে বসা এক শিক্ষার্থীর কাছে চলে যান।
কিছুক্ষণ পর আরেকটি কক্ষে প্রবেশ করে সোজা কক্ষের মাঝ বরাবর চলে যান। সেখানে পরীক্ষারত শিক্ষার্থীদের পরীক্ষা কেমন হয়েছে বলে প্রশ্ন করেন।
কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ বলেন, ‘নির্দিষ্ট শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া ভেতরে কেউ প্রবেশ করার নিয়ম নেই। সেক্ষেত্রে তাদেরকেও এনালগ ডিভাইস ব্যাবহার করতে হবে। কোনো ডিজিটাল মেশিন কিংবা ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। এমনকি কেন্দ্র সচিব ও কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারবে না।’
কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, ‘পরীক্ষার হল ঠিকমতো চলছে কিনা সেটাও দেখা আমাদের দায়িত্ব। তাছাড়া এসএসসি পরীক্ষার্থীদের খোঁজ নিতে কেন্দ্রে গিয়েছিলাম।’
সরাসরি লাইভ সম্প্রচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষা যে ঠিকমতো চলতেছে তা অভিভাবকদের দেখার জন্য। এতে সমস্যা কিসের?’
গত ১২ এপ্রিল রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার হল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্যরা (এমপি) যেতে পারবেন না। মন্ত্রীর নির্দেশনার পরও সংসদ সদস্য সেলিম ভূইয়া পরীক্ষার হলে পরিদর্শন করেছেন এবং ফেসবুক লাইভে পরিদর্শনের ভিডিও চিত্র সম্প্রচার করেছেন।’