সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সামগ্রিক পরিকল্পনা ছাড়া হকার উচ্ছেদ টেকসই হবে না : আইপিডি

অনলাইন ডেক্স / ৪৮ প্রকাশিত সময়:
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

রাজধানীতে সাম্প্রতিক সময়ে সরকারের হকার উচ্ছেদ অভিযানে কিছু এলাকায় সাময়িক সফলতা এলেও বিকল্প কর্মসংস্থান, পুনর্বাসন ও দারিদ্র্য বিমোচনের পরিকল্পনা ছাড়া এ উদ্যোগ দীর্ঘমেয়াদে টেকসই হবে না বলে মনে করছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।

আজ সোমবার এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

সংস্থাটি বলেছে, হকারকেন্দ্রিক চাঁদাবাজি, ফুটপাত বাণিজ্য নিয়ন্ত্রণকারী অবৈধ সিন্ডিকেট এবং এর পেছনের রাজনৈতিক অর্থনীতি চিহ্নিত না করে বিচ্ছিন্নভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করলে অতীতের মতো এবারও তা স্থায়ী ফল দেবে না।

আইপিডির মতে, রাজধানীর দুই কোটির বেশি মানুষের শহরে পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচলের জন্য ফুটপাত হকারমুক্ত রাখা জরুরি।তবে একই সঙ্গে হকারদের জীবিকা, নগর দারিদ্র্য ও সামাজিক সুরক্ষার বিষয় বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ পরিকল্পনা গ্রহণ করতে হবে। সংস্থাটি মনে করে, ‘সারা বাংলাদেশের দারিদ্র্যের সমাধান ঢাকার রাজপথ হতে পারে না’ এবং অনিয়ন্ত্রিত হকার বাণিজ্য চলতে থাকলে কোনো বিকল্প ব্যবস্থাই কার্যকর হবে না।

 

উচ্ছেদ অভিযানের বাস্তবতা :

আইপিডি জানায়, সাম্প্রতিক অভিযানে কোথাও কোথাও নাগরিক চলাচলে স্বস্তি ফিরেছে, তবে অনেক এলাকায় উচ্ছেদ হওয়া হকাররা আবার ফিরে এসেছে। কিছু স্থানে উদ্ধারকৃত সড়ক ও ফুটপাত অবৈধ গাড়ি পার্কিং বা অন্য কাজে ব্যবহৃত হচ্ছে।এছাড়া উচ্ছেদ অভিযানের সুযোগে আগের চেয়ে বেশি চাঁদা আদায়ের অভিযোগ এবং নতুন রাজনৈতিক দখলদার ও চাঁদাবাজ সক্রিয় হওয়ার তথ্যও পাওয়া যাচ্ছে।

 

কার্যকর নীতিমালার অভাব : 

আইপিডি বলেছে, মেগাসিটি ঢাকা হওয়া সত্ত্বেও এখনো কার্যকর কোনো হকার নীতিমালা বা আইন নেই। ফলে উচ্ছেদ অভিযান কেবল সাময়িক ব্যবস্থায় পরিণত হচ্ছে, আর আড়ালে থেকে যাচ্ছে হকার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট। হকার বসানোর সঙ্গে জড়িত লাইনম্যান, রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসন ও সিটি করপোরেশনের যেসব কর্মকর্তা-কর্মচারী চাঁদার ভাগ পান—তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।

আইপিডি আরো বলেছে, এই সিন্ডিকেট ভাঙতে সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন, কারণ হকার সংশ্লিষ্ট অনেক চাঁদাবাজ সরকারি দলের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে থাকে।

দীর্ঘমেয়াদি সমাধানে পরিকল্পিত পুনর্বাসনের তাগিদ :

সংস্থাটি বলেছে, কেবল উচ্ছেদ নয়, হকারদের তালিকাভুক্তকরণ, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। পরিকল্পনা ছাড়া উচ্ছেদ কার্যক্রম হকারদের আবারও ফুটপাতে ফিরিয়ে আনে। এ জন্য ফুটপাত উচ্ছেদকে এককালীন অভিযান না বানিয়ে নিয়মিত ব্যবস্থাপনার অংশ করতে হবে।

একই সঙ্গে সিটি করপোরেশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও হকারদের নিয়ে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে আইপিডি।হকারদের ডাটাবেজ তৈরি, নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট সময়ে বসার সুযোগ এবং পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

 

আইপিডির ১০ দফা প্রস্তাবনা :

হকার সমস্যার টেকসই সমাধানে আইপিডি ১০ দফা প্রস্তাব তুলে ধরেছে-গুরুত্বপূর্ণ ফুটপাত ও করিডোর দখলমুক্ত রেখে সম্ভাব্য সড়কে পরিকল্পনামাফিক নির্দিষ্ট এলাকায় বৈধভাবে হকার বসার ব্যবস্থা। প্রশাসন ও স্থানীয় কাউন্সিলের মাধ্যমে অনুমোদনহীন নতুন হকার বসা কঠোরভাবে নিয়ন্ত্রণ। বায়োমেট্রিক নিবন্ধন, জিও-লোকেশন, ডিজিটাল আইডি ও লাইসেন্স প্রদান করে হকারদের তালিকাভুক্ত করা।

পুনর্বাসন ও বিকল্প বাজার :

হলিডে মার্কেট, নাইট মার্কেট, অস্থায়ী ও স্থায়ী মার্কেট শেড নির্মাণ। চাঁদাবাজি নিয়ন্ত্রণে সিটি করপোরেশন,ওয়ার্ড কাউন্সিল, পুলিশ ও প্রশাসনের সমন্বিত তদারকি। হকার, পথচারী, ব্যবসায়ী, প্রশাসন ও সিটি করপোরেশনকে নিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ। হকার সংশ্লিষ্ট চাঁদাবাজ ও দখলদারদের শ্বেতপত্র প্রকাশ এবং কঠোর আইনগত ব্যবস্থা। হকার ব্যবস্থাপনা সংক্রান্ত পৃথক নীতিমালা ও আইন প্রণয়ন। পুনর্বাসন সম্ভব নয় এমন হকারদের নগর দরিদ্র হিসেবে সামাজিক সুরক্ষার আওতায় এনে ফ্যামিলি কার্ড প্রদান। প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং ঢাকামুখী অভিবাসন কমাতে দেশের উন্নয়নের বিকেন্দ্রীকরণ।


More News Of This Category