মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বৈশ্বিক নৌপথের নিরাপত্তা নিয়ে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাহরাইনের রাজা এবং জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান মোদি।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘বাহরাইনের রাজা কিং হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, উভয় নেতা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং অঞ্চলে জ্বালানি ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আমরা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে রয়েছে জ্বালানি ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানিয়েছি এবং এসব হামলার ফলে বৈশ্বিক খাদ্য, জ্বালানি ও সার সরবরাহে নেতিবাচক প্রভাব।’
বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরবচ্ছিন্ন নৌ চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং শিপিং লাইনগুলো খোলা ও নিরাপদ রাখার গুরুত্ব তুলে ধরা হয়েছে।’
এ ছাড়া বাহরাইনে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের কল্যাণে অব্যাহত সমর্থনের জন্য দেশটির নেতৃত্বকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদি।