গোপনে মুক্তি পেলেন এক দশক কিউবায় আটক থাকা মার্কিন নাগরিক
প্রায় এক দশক ধরে কিউবায় আটক থাকা এক মার্কিন নাগরিক গোপনে মুক্তি পেয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র সিএনএনকে এ কথা জানিয়েছেন।
গত সেপ্টেম্বরে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে।
গুপ্তচরবৃত্তির অভিযোগে কিউবার কারাগারে আটক থাকা শিক্ষিকা আলিনা লোপেজ মিয়ারেসের মুক্তির খবরটি আগে কখনো প্রকাশিত হয়নি। ওয়াশিংটন ও হাভানার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই তাঁর এই মুক্তি মিলল। মূলত ট্রাম্প প্রশাসন কিউবার সরকার পরিবর্তনে বাধ্য করতে দেশটির ওপর চাপ প্রয়োগের অভিযান আরো জোরদার করার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল।
সূত্রগুলোর মতে, মার্কিন সরকারের একটি দল গোপনে হাভানায় উড়ে গিয়ে লোপেজকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনেন। একটি সূত্র এবং পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের তথ্যমতে, ৬৮ বছর বয়সী এই কিউবান-আমেরিকান শিক্ষিকার মুক্তি নিশ্চিত করতে মার্কিন সরকার কিউবাকে কোনো অর্থ বা বিনিময় দেয়নি। ২০১৭ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল।
পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র সিএনএনকে বলেন, ‘আমরা সেপ্টেম্বরে আলিনা লোপেজের যুক্তরাষ্ট্রে ফিরে আসাকে স্বাগত জানিয়েছি।
তাঁর মুক্তির জন্য কোনো কিছুর বিনিময় করা হয়নি। তাঁর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রেখে এই মুহূর্তে আমাদের আর কিছু বলার নেই।’
লোপেজের আইনি দলও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং তাঁদের মক্কেলের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন।
লোপেজের জন্ম কিউবায় হলেও শৈশবেই তিনি দেশ ছেড়ে চলে আসেন। পরবর্তীতে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষিকা হিসেবে কাজ করতেন।
মানবাধিকার কর্মীদের মতে, ২০১৭ সালে তাঁর সাবেক স্বামী; যাকে তাঁরা কিউবার গুপ্তচর বলে দাবি করেন; লোপেজকে প্রলুব্ধ করে কিউবায় নিয়ে যান এবং সেখানেই তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয় এবং একটি সামরিক আদালত তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেন।
২০২২ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নির্বিচার আটক বিষয়ক ওয়ার্কিং গ্রুপ রায় দেয় যে, লোপেজকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে এবং তারা তাঁর অবিলম্বে মুক্তির আহ্বান জানায়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা গত মার্চ মাসে সিএনএনকে জানিয়েছিলেন যে, ট্রাম্প প্রশাসন কিউবান কর্মকর্তাদের কাছে তাঁর বিষয়টি তুলে ধরেছে এবং মানবিক কারণে তাঁর মুক্তির পক্ষে ওকালতি করেছে। তবে কিউবান সরকারের কোন পর্যায়ে বিষয়টি তোলা হয়েছিল, তা স্পষ্ট নয়।
লোপেজের ছেলে মাইকেল পেরাল্টা গত মার্চে বলেছিলেন যে, তাঁর মা গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং সম্ভবত তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন। তাঁর এই আটকাবস্থা পরিবারের ওপর ’প্রচণ্ড মানসিক ও আবেগিক চাপ’ সৃষ্টি করছিল। পেরাল্টা সে সময় সিএনএনকে আরো জানান, বন্দী থাকার কারণে লোপেজ তাঁর বাবা-মায়ের শেষকৃত্যেও অংশ নিতে পারেননি।
পেরাল্টা বলেন, ‘আমার নানি যখন বেঁচে ছিলেন, তখন কয়েক বছর ধরে একাই মাসে একবার আমার মায়ের সঙ্গে দেখা করতে যেতেন, তাঁর জন্য খাবার ও ওষুধ নিয়ে যেতেন। আমি নিশ্চিত যে প্রচণ্ড মানসিক চাপ ও যন্ত্রণার কারণে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটেছিল। আমার নানার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। মনে হচ্ছিল স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুতই তিনি বার্ধক্যে পৌঁছে গেছেন।’
তিনি আরো বলেছিলেন, ‘তিনি বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে আছেন। তিনি প্রতিদিন শুধু প্রার্থনা করেন যেন খুব শিগগিরই ফ্লোরিডায় আমাদের কাছে, যুক্তরাষ্ট্রে ফিরে আসতে পারেন।’
সূত্রগুলো জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লোপেজকে মুক্ত করার এই প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছিলেন। শীর্ষ মার্কিন কূটনীতিক হিসেবে রুবিও হাভানার কাস্ত্রো সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার প্রশাসনিক অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। দ্বীপরাষ্ট্রটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং তেল সরবরাহে অবরোধ কিউবার অর্থনীতিকে আরো পঙ্গু করে দিয়েছে এবং দেশটির আগে থেকেই নাজুক বিদ্যুৎ পরিস্থিতিকে আরো শোচনীয় করে তুলেছে, যার ফলে সেখানে কয়েক মাস ধরে টানা লোডশেডিং চলছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :