পারস্য উপসাগরের আকাশে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালিয়ে সেটি ক্ষতিগ্রস্ত করা হয়েছে—ইরানের সেনাবাহিনীর এমন দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে পারস্য উপসাগরের আকাশে উড়তে থাকা একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান শনাক্ত করা হয়।
পরে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী বিমানটির গতিবিধি অনুসরণ করে সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইরানের দাবি, ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানটির কাছাকাছি বিস্ফোরিত হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়। এতে পাইলটকে অভিযান বাতিল করে ওই অঞ্চলের নিকটবর্তী একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে হয়। তবে যুদ্ধবিমানটি কোথায় অবতরণ করেছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইরান।
তবে ইরানের এ দাবি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, এফ-১৬ যুদ্ধবিমানে হামলা ও সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। বিবৃতিতে বলা হয়, গতকাল ইরান কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সব সামরিক যুদ্ধবিমান নিরাপদ রয়েছে এবং সেগুলোর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য রয়েছে।
এদিকে হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার গোয়েন্দা ও আক্রমণকারী ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
এ নিয়ে ইরানের দাবি অনুযায়ী, ধ্বংস হওয়া মার্কিন ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮টিতে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :