রাজশাহীর দুর্গাপুর উপজেলার পলাশবাড়ী আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, পকেট কমিটি গঠন ও শিক্ষক হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রাথমিক তদন্তে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় চরম অসংগতির প্রমাণ মিলেছে। অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষকদের অফিসকক্ষ তালাবদ্ধ রাখা এবং হাজিরা খাতায় স্বাক্ষর করতে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটছে। এতে শিক্ষক ও নিয়োগপ্রত্যাশীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নথিপত্র ও তদন্ত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩ জুন কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই কলেজটির ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। সদস্য মনোনয়ন ও অনুমোদনসংক্রান্ত বৈধ কাগজপত্র নিয়ে তদন্তে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, স্বজনপ্রীতির মাধ্যমে আত্মীয়স্বজনদের দিয়ে এই পকেট কমিটি সাজানো হয়েছে।
তদন্ত প্রতিবেদনে উঠে আসা অনিয়মগুলোর মধ্যে রয়েছে—নিয়মিত ক্লাস না হওয়া, কলেজের জমি ব্যক্তিগত দখলে রাখা, অতিরিক্ত পরীক্ষার ফি আদায়, একক স্বেচ্ছাচারিতায় সিদ্ধান্ত গ্রহণ এবং কম্পিউটার ল্যাব দীর্ঘদিন অচল ফেলে রাখা। এ ছাড়া চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক প্রার্থীর কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিনেও চাকরি না পেয়ে ওই ভুক্তভোগী এখন দ্বারে দ্বারে ঘুরছেন।
কলেজের প্রভাষক মো. আলফাজ হোসেন অভিযোগ করেন, প্রতিষ্ঠানের আয়-ব্যয় ও অনুদানের টাকার কোনো হিসাব বা রশিদ সংরক্ষণ করা হয় না। শিক্ষকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণের পাশাপাশি অফিসকক্ষ তালাবদ্ধ রাখা ও হাজিরা খাতা জিম্মি করে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রাপ্য উচ্চতর গ্রেড ও টাইম স্কেল থেকেও বঞ্চিত রাখা হয়েছে শিক্ষকদের। বারবার অভিযোগ দিয়েও অদৃশ্য কারণে কোনো প্রতিকার মিলছে না।
ভুক্তভোগী শিক্ষক ও এলাকাবাসীর দাবি, দ্রুত অডিট (নিরীক্ষা) পরিচালনা করে আর্থিক দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হোক। পাশাপাশি বর্তমান অবৈধ কমিটি বাতিল ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :