শিরোনামঃ

সিরাজগঞ্জের চরাঞ্চলে নতুন উপজেলা গঠনে প্রশাসনিক তোড়জোড়: প্রশাসন ও স্থানীয়দের চোখে আঁশার আলো

Reporter
মোঃ ইনসাফ আলী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চরাঞ্চলে নতুন উপজেলা গঠনে প্রশাসনিক তোড়জোড়: প্রশাসন ও স্থানীয়দের চোখে আঁশার আলো
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিরাজগঞ্জের চরাঞ্চলে নতুন উপজেলা গঠনে প্রশাসনিক তোড়জোড়: প্রশাসন ও স্থানীয়দের চোখে আঁশার আলো

 

মোঃ ইনসাফ আলী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীবেষ্টিত দুর্গম ও সুবিধাবঞ্চিত ৬টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামে নতুন একটি পূর্ণাঙ্গ উপজেলা গঠনের প্রশাসনিক প্রক্রিয়া জোরদার করা হয়েছে।

 

দীর্ঘদিনের প্রশাসনিক দূরত্ব, নদীভাঙন এবং জীবনযাত্রার সীমাবদ্ধতা কাটিয়ে মূলধারার উন্নয়নে যুক্ত হওয়ার যে স্বপ্ন চরাঞ্চলের মানুষ দেখে আসছিল, তা বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

 

রবিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে সম্প্রতি জারি করা এক পত্রে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাবনা ও তথ্যাদি আহ্বান করা হয়েছে। উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত উক্ত চিঠিতে নতুন প্রস্তাবিত ‘যমুনা’ উপজেলার আয়তন, জনসংখ্যা, সদর দপ্তরের অবস্থান, জেএল নং, মৌজার বিবরণ এবং বিদ্যমান উপজেলা থেকে দূরত্বের বিস্তারিত ছক মোতাবেক তথ্য প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

জানা যায়, যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন হওয়ায় কাজীপুরের চরাঞ্চলীয় ৬টি ইউনিয়নের লাখ লাখ মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক সুযোগ-সুবিধা ও সরকারি সেবা থেকে বঞ্চিত। যোগাযোগ ব্যবস্থার চরম দুর্ভোগের কারণে স্বাস্থ্যসেবা, প্রশাসনিক কাজ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকি চরাঞ্চলবাসীর জন্য একটি নিত্যদিনের সংগ্রাম।

 

এছাড়া প্রশাসনিক দপ্তরগুলোর অবস্হান নদী পার হয়ে মূল ভূখণ্ডে হওয়ায় জরুরি প্রয়োজনে সাধারণ মানুষকে নদী পথ পাড়ি দিয়ে চরম ঝুঁকি ও অর্থ ব্যয় করে যাতায়াত করতে হয়।

 

স্থানীয়দের দাবি, ‘যমুনা’ নামে পৃথক উপজেলা গঠিত হলে এই অঞ্চলে কেবল প্রশাসনিক সেবাই সহজতর হবে না, বরং চরাঞ্চলে রাস্তাঘাট, সেতু, বিদ্যালয় ও হাসপাতালের মতো মৌলিক অবকাঠামোগত উন্নয়ন দ্রুত রূপ লাভ করবে।

 

জেলা কৃষি অফিসের দাবি, নতুন উপজেলা গঠিত হলে যমুনার বিশাল পলি ও উর্বর জমিতে উৎপাদিত কৃষিপণ্যের সঠিক বিপণন ও সংরক্ষণে প্রশাসনিক তদারকি বৃদ্ধি করা সম্ভব হবে। ফলে স্হানীয় কৃষি উৎপাদন বাড়বে ও কৃষকদের অর্থনীতি পুনরুজ্জীবিত হবে।

 

নতুন উপজেলা গঠন নিয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের দাবি, ” নতুন উপজেলা গঠন হলে কাজিপুরের দুর্গম চরাঞ্চলে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষা জোরদার করতে স্থানীয় পুলিশ ও প্রশাসনিক উপস্থিতি কার্যকর ভূমিকা রাখবে।”

 

এ বিষয়ে স্হানীয় পরিবেশবিদরা বলেন, নতুন উপজেলা গঠিত হলে নদীভাঙন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসন সহায়তা পৌঁছে দেওয়া অনেক বেশি সহজ হবে মনে করছেন সংশ্লিষ্ট সকলে।

 

রাজশাহী বিভাগীয় কমিশনার এবং কাজীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্মারকের ওপর ভিত্তি করে মন্ত্রণালয়ের এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী এবং বাস্তবমুখী বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ। তাদের মতে,সরকারের এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হলে যমুনা পারের খেটে খাওয়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং তারা জাতীয় সামগ্রিক উন্নয়নে জোরালো অংশীদার হতে পারবে।

 

মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৪ সালের উপজেলা সৃজন সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করে দ্রুততম সময়ে এই প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেওয়া হলে কাজীপুরের চরাঞ্চল এক নতুন প্রশাসনিক ও অর্থনৈতিক যুগে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।