উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সিল ও স্বাক্ষর জাল করে ব্যাংকের হিসাব থেকে পৌনে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে মুশফিকুর রহমান শাহিন সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করার পর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার শাহিন সরকার উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় চব্বিশনগর জামে মসজিদ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব পরিচালনা ও অর্থ উত্তোলনের জন্য গোদাগাড়ী ইউএনওর ভুয়া সিল ও স্বাক্ষর তৈরি করেন শাহিন সরকার। প্রতারণার আশ্রয় নিয়ে তিনি ওই ব্যাংক হিসাব থেকে মোট ২ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। ঘটনাটি জানাজানি হলে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এদিকে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে প্রশাসনিক কর্মকর্তার সিল ও স্বাক্ষর জালিয়াতির এমন ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনাটির নিরপেক্ষ তদন্ত দাবি করে স্থানীয় বাসিন্দারা জানান, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আত্মসাৎ করা টাকা উদ্ধার করে অবিলম্বে ব্যাংকে ফেরত প্রদান করতে হবে। পাশাপাশি এই জালিয়াতি ও চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা-ও বের করার দাবি জানান তারা।
বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতেই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে আইন বিশেষজ্ঞদের মতে, মামলায় উত্থাপিত অভিযোগের সত্যতা আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত শাহিন সরকারকে আইনগতভাবে দোষী সাব্যস্ত করা যাবে না।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :