দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ছয়টিতে ইতোমধ্যে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তবে এখনো প্রশাসকবিহীন রয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ নিয়ে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর তৎপরতা।
দলীয় সূত্রে জানা গেছে, মহানগর বিএনপির অন্তত পাঁচজন নেতা প্রশাসক হওয়ার দৌড়ে রয়েছেন। তারা ইতোমধ্যে দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ ও তদবির শুরু করেছেন।
দৌড়ে থাকা নেতাদের মধ্যে রয়েছেন—বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। ২০১৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন-কে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তবে দায়িত্ব পালনকালে বরখাস্ত ও কারাবন্দী হন। উচ্চ আদালতের রায় অনুকূলে এলেও আর মেয়রের চেয়ারে ফেরা হয়নি তার।
এছাড়া মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সহসভাপতি ওয়ালিউল হক রানা এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রশাসক পদে আগ্রহী বলে জানা গেছে।
মামুন অর রশিদ জানিয়েছেন, দল যদি যোগ্য মনে করে তবে তিনি দায়িত্ব পালনে প্রস্তুত। আবুল কালাম আজাদ সুইটও প্রশাসক পদে আগ্রহ প্রকাশ করেছেন, তবে সাবেক মেয়র বুলবুলকে সম্মান দেওয়াকে যুক্তিসঙ্গত বলে মত দিয়েছেন। ওয়ালিউল হক রানা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। অন্যদিকে মাহফুজুর রহমান রিটন বলেছেন, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত।
দলীয় সূত্রের দাবি, রাসিকে বিএনপির কেউ একজন প্রশাসক হিসেবে নিয়োগ পেতে পারেন। ফলে সম্ভাব্য মেয়র নির্বাচন সামনে রেখে প্রশাসক পদ নিয়েও নেতাদের মধ্যে শুরু হয়েছে সক্রিয় তৎপরতা।
এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কাকে বেছে নেয় দলীয় হাইকমান্ড এবং কবে নাগাদ প্রশাসক নিয়োগ দেওয়া হয়।