রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন
ক্রাইম রিপোর্টার রাজশাহী, মোঃ আতিকুর রহমান
রাজশাহী: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার জেলা প্রশাসন, রাজশাহী এবং সামাজিক বন বিভাগ, রাজশাহীর যৌথ উদ্যোগে নগরীর রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা সংলগ্ন নজরুল ভিলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অতিথিদের উপস্থিতিতে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, সামাজিক বন অঞ্চল, বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম এবং বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম।
এছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, নার্সারি মালিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
১৫ দিনব্যাপী এই বৃক্ষমেলায় বন বিভাগ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারির অংশগ্রহণে ৫২টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
মেলায় আগত দর্শনার্থীরা সহজলভ্য মূল্যে মানসম্মত গাছের চারা সংগ্রহের পাশাপাশি বৃক্ষরোপণ, পরিচর্যা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। আয়োজকরা আশা করছেন, এই মেলা বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।















আপনার মতামত লিখুন :