খাস জমি উদ্ধারে পুলিশ-রাজস্ব সমন্বয়ে জোর ডিআইজির
ক্রাইম রিপোর্টার রাজশাহী, মোঃ আতিকুর রহমান
২২ জুলাই ২০২৬
রাজশাহী বিভাগে সরকারি খাস জমি উদ্ধার, সংরক্ষণ এবং ভূমি ব্যবস্থাপনায় পুলিশ ও রাজস্ব প্রশাসনের সমন্বিত কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।
বুধবার (২২ জুলাই) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৬-২০২৭-এর প্রথম পর্যায়ের প্রশিক্ষণে অংশগ্রহণকারী রাজশাহী বিভাগের রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত এক অধিবেশনে তিনি প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন।
অধিবেশনে “খাস জমি উদ্ধারে রাজস্ব প্রশাসনকে পুলিশ বিভাগের সহায়তা প্রদান এবং খাস জমি রক্ষায় পুলিশ বিভাগের ভূমিকা” শীর্ষক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ডিআইজি মো. আশিক সাঈদ। তিনি বলেন, সরকারি খাস জমি দখলমুক্ত করা, ভূমি-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি, সরকারি সম্পত্তি রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও রাজস্ব প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সমন্বয় ও তথ্য আদান-প্রদান বাড়ানো গেলে সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত রাখা এবং জনস্বার্থে সঠিকভাবে ব্যবস্থাপনা নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও দুই বিভাগের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিআইজি মো. আশিক সাঈদ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সরকারি সম্পত্তি রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি জনগণের স্বার্থ সংরক্ষণেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই খাস জমি রক্ষা, স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পুলিশ ও রাজস্ব প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি, আইনগত জ্ঞান সম্প্রসারণ এবং সরকারি খাস জমি রক্ষা ও ব্যবস্থাপনায় কার্যকর সমন্বয় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :