শিরোনামঃ

ক্ষুদ্র উদ্যোগে ২৮০০ কোটি টাকার ঋণ গ্যারান্টি দিচ্ছে পিকেএসএফ


ক্ষুদ্র উদ্যোগে ২৮০০ কোটি টাকার ঋণ গ্যারান্টি দিচ্ছে পিকেএসএফ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

দেশে স্বল্প আয়ের মানুষদের উদ্যোক্তায় রূপান্তর ও প্রান্তিক পর্যায়ে অর্থায়ন সহজ করতে বড় উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সংস্থাটির বাস্তবায়নাধীন ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)’-এর আওতায় ১১টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক ১২টি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

 

এ চুক্তির ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন কার্যক্রমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকার গ্যারান্টিযুক্ত ঋণ বিতরণ করতে পারবে।

 

রাজধানীর আগারগাঁওস্থ পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। পিকেএসএফের পক্ষে প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা উপব্যবস্থাপনা পরিচালকেরা চুক্তিতে স্বাক্ষর করেন।

 

চুক্তি স্বাক্ষরকারী বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, মধুমতি ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং দ্য ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কম্পানি লিমিটেড (ইউবিকো)।

 

 

অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, ‘দেশের স্বল্প আয়ের মানুষদের উদ্যোক্তায় রূপান্তরের যে উদ্যোগ পিকেএসএফ গ্রহণ করেছে, তার সফল বাস্তবায়নে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করতেই এ স্কিম চালু করা হয়েছে।’

 

তিনি বলেন, এ কাঠামোর আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো তা সরাসরি প্রান্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিতরণ করবে। আর ব্যাংক ঋণের প্রয়োজনীয় গ্যারান্টি বা জামানত দেবে পিকেএসএফ। একই সঙ্গে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পিকেএসএফ নিবিড় তদারকি বজায় রাখবে।

 

 

তিনি আরও আশা প্রকাশ করেন, ব্যাংকিং খাতের অর্থকে সরাসরি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিয়ে দেশের অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত প্রবৃদ্ধি নিশ্চিত করতে এই স্কিম কার্যকর ভূমিকা রাখবে।

 

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে সিইএস’র কার্যক্রম শুরু হয়। বাস্তবায়নের প্রথম বছরে ১০টি ব্যাংক ও ১টি আর্থিক কোম্পানির চুক্তি হয়, যার মধ্যে ৬টি ব্যাংক ও ১টি আর্থিক কোম্পানি ইতোমধ্যে পিকেএসএফের ২৬টি সহযোগী সংস্থার মাধ্যমে মোট ১ হাজার ৮২ কোটি টাকা বিতরণ করেছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।