ফরিদপুরে নাঈম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড


ফরিদপুরে নাঈম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদপুরে নাঈম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর

 

ফরিদপুরে অটোরিকশা চালক নাঈম শেখ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন আসমত শেখ ও সাগর মোল্লা। একই মামলার অপর আসামি আশিক শেখের বিচার শিশু আদালতে চলমান রয়েছে।

মঙ্গলবার ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ এপ্রিল অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক নাঈম শেখকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে হত্যার ঘটনা গোপন করতে তার মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়।

ঘটনার পরদিন ২২ এপ্রিল নিহতের ভাই রাসেদ শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসমত শেখ, সাগর মোল্লা ও আশিক শেখকে আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৫ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ গ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এ রায় প্রদান করেন।

ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অপর আসামির বয়স কম হওয়ায় তার বিচার শিশু আদালতে চলছে।

তিনি আরও বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সমাজে অপরাধ দমনে এটি একটি ইতিবাচক বার্তা দেবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।