বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
শংকর দাস পবন, সহঃবার্তা সম্পাদক
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রাণিসম্পদ দপ্তর, ঝালকাঠির উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
এ বছরের বিশ্ব দুগ্ধ দিবসের প্রতিপাদ্য ছিল ‘নারী কৃষকদের সম্মাননা’। দিবসটি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীরোদবরণ জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন এলাকার নারী খামারিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন উপস্থিত নারী উদ্যোক্তা ও খামারিদের ফুলেল শুভেচ্ছা জানান। তিনি তাঁর বক্তব্যে দেশের দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারী খামারিদের অর্থনৈতিক ক্ষমতায়নে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নারী খামারিদের আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ ও মানসম্মত দুধ উৎপাদন, দুগ্ধ খাতের উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে নারী খামারিদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি তুলে ধরেন।