দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (৩০ মে) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে থানা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যে আদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে জিয়ার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
তিনি আরো বলেন, দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে।
জিয়াউর রহমানের আদর্শ ছিল জনগণ কেন্দ্রিক রাষ্ট্র গঠন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর আদর্শকে লালন করে একটি সুন্দর গণতান্ত্রিক ও আধুনিক দেশ গঠনে সবাইকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসেন সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। দোয়া ও মিলাদ মাহফিল শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তবারক বিত
রণ করা হয়।