সুনামগঞ্জের তাহিরপুরে বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ইঞ্জিনচালিত নৌকা ডুবে ওবায়দুল্লাহ নামে এক শিশু নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের ১৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (৩০ মে) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের হাওর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশু ওবায়দুল্লাহ (৬) উপজেলার বালিয়াঘাটা গ্রামের তৌহিদনূর শাহ নবাবের একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের উত্তর-পূর্ব এলাকার বালিয়াঘাটা গ্রাম থেকে বরপক্ষ একটি ইঞ্জিনচালিত ছোট নৌকায় বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যায়। কনের বাড়ি একই ইউনিয়নের পার্শ্ববর্তী নোয়াবন্দ গ্রামে।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে নববধূকে নিয়ে ফেরার পথে কনের বাড়ির সামনের হাওরে ইঞ্জিনচালিত নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীদের দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও শিশু পানিতে ডুবে নিখোঁজ হয় । ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধারে হাওরের পানিতে তল্লাশি চালিয়ে খুঁজে পায়নি। পরে শনিবার সকালে ফের তল্লাশির ১৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর শুনেছি।