ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে আর্থিক লেনদেন নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। হাটের নিকটস্থ নির্ধারিত ব্যাংক শাখা ও উপশাখাগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত পশুর হাটে কেনাবেচার প্রধান মৌসুমে বড় অংকের নগদ লেনদেন সহজতর করতেই কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বড় শহরগুলোর পশুর হাটে নগদ টাকার ব্যাপক লেনদেনের ঝুঁকি কমাতে এবং বড় অংকের নগদ অর্থ বহন করার বিড়ম্বনা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত পশুর হাটের নিকটস্থ নির্ধারিত ব্যাংক শাখা ও উপ-শাখাগুলো আগামী ২৪ মে থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।এই সময়ে ব্যাংকগুলো তাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ সান্ধ্যকালীন ব্যাংকিং সেবা প্রদান করবে। এর ফলে পশু ব্যবসায়ী এবং ক্রেতারা নিরবচ্ছিন্নভাবে প্রয়োজনীয় তারল্য সহায়তা ও আর্থিক নিরাপত্তা পাবেন।
বাংলাদেশ ব্যাংকের এই আদেশ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি), খুলনা সিটি করপোরেশন (কেসিসি), রাজশাহী সিটি করপোরেশন (আরসিসি) এবং রংপুর সিটি করপোরেশনের (আরসিসি) আওতাভুক্ত পশুর হাটগুলোর জন্য প্রযোজ্য হবে।
ডিএনসিসির আওতায় নির্ধারিত পশুর হাটগুলোর মধ্যে রয়েছে— বনশ্রী আবাসিক এলাকা, মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ন হাউজিং এলাকা, মিরপুর কালশী বালুর মাঠ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন মাঠ, বসিলা স্বদেশ প্রপার্টি এলাকা, পূর্ব হাজিপাড়া ইসলামপুর মাদ্রাসা সংলগ্ন এলাকা, উত্তরা ১৬ ও ১৮ নম্বর সেক্টরের বউ বাজার এলাকা, গাবতলী পশুর হাট, খিলক্ষেত মস্তুল চেকপোস্ট এলাকা এবং বড়বেরাইদ বসুন্ধরা গ্রুপ মাঠ।
ডিএসসিসির অনুমোদিত হাটগুলোর মধ্যে রয়েছে— কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল এমডব্লিউএবিপি ওয়াটার পাম্প এলাকা, মেরাদিয়া হাট, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সংলগ্ন এলাকা, রহমতগঞ্জ ক্লাব এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার, সিকদার মেডিকেল কলেজ সংলগ্ন এলাকা, গোলাপবাগ আদর্শ স্কুল মাঠ, আমুলিয়া মডেল টাউন, ধোলাইখাল এবং সাদেক হোসেন খোকা মাঠ।
ঢাকার বাইরে এই নির্দেশনার আওতায় থাকছে চট্টগ্রামের বিবির হাট ও সাগরিকা, রংপুরের লালবাগ সদর হাট, খুলনার জোরা হাট এবং রাজশাহীর সিটি হাট।
সেবা প্রদান কার্যক্রম আরো শক্তিশালী করতে ব্যাংকগুলোকে পশুর হাটের ভেতরে অথবা একদম কাছে অস্থায়ী বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব বুথ থেকে নগদ টাকা জমা, উত্তোলন এবং নতুন হিসাব খোলার মতো জরুরি ব্যাংকিং সেবা নিতে পারবেন ব্যবসায়ী ও গ্রাহকরা।
সার্কুলারে সান্ধ্যকালীন বর্ধিত সময়ে নগদ টাকা নাড়াচাড়া ও পরিবহনের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বুথ ব্যবস্থাপনা এবং অর্থ স্থানান্তরের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে যথাযথ সমন্বয় করতে বলা হয়েছে।
এছাড়া বর্ধিত কর্মঘণ্টায় অতিরিক্ত দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ভাতা প্রদানেরও নির্দেশ দিয়েছে।