রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ মো. জিহান মোবারক (১৭) নামের এক কিশোরকে আটক করেছে মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। অভিযানকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে তার সহযোগী মো. নাসির উদ্দীন (৫৩) নামে এক ব্যক্তি।
আটক কিশোর ও পলাতক আসামি উভয়ের বাড়ি গোদাগাড়ী উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ মে রাত ১০টা ২০ মিনিটে নিয়মিত মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে বের হয় গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিদিরপুরস্থ নদীর খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়।
নদীর কিনারে একটি ছোট ডিঙি নৌকা থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে কিশোর জিহানকে আটক করে। তবে অন্ধকারের সুযোগ নিয়ে নৌকার অপর আরোহী নাসির উদ্দীন পালিয়ে যেতে সক্ষম হন। পরে কিশোরের কাছে থাকা একটি হলুদ পলিথিন ব্যাগ তল্লাশি করে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ২৩ ফুট লম্বা একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানার এসআই (নিঃ) মো. রেজাউল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আটক কিশোর ও পলাতক নাসির উদ্দীনকে আসামি করা হয়েছে।
মামলা নম্বর: ১৫ (তারিখ: ১৫ মে ২০২৬)।
ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/৩৮/৪১।
পলাতক আসামি নাসির উদ্দীনের বিরুদ্ধে ২০১৫ সালে বিশেষ ক্ষমতা আইনে আরও একটি মামলা রয়েছে।
গোদাগাড়ী মডেল থানার পুলিশ জানায়, আটক কিশোরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।