শিরোনামঃ

হ্যাটট্রিকের পর পতাকা-জার্সিতে মেসির জয়জয়কার


প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন | ১৭৯
হ্যাটট্রিকের পর পতাকা-জার্সিতে মেসির জয়জয়কার
Getting your Trinity Audio player ready...

বিশ্বকাপ ফুটবলে দুর্দান্ত হ্যাটট্রিকের পর সমর্থকদের মধ্যে এখন লিওনেল মেসির জয়জয়কার। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিনটি গোলই করেছেন এই তারকা ফুটবলার।

 

 

তার অনবদ্য পারফরম্যান্সের পর কুমিল্লাজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে নতুন উন্মাদনা।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকের পর নগরীর বিভিন্ন ক্রীড়া সামগ্রীর দোকানে বেড়েছে আর্জেন্টিনা দলের ১০ নম্বর জার্সি ও সেদেশের পতাকা বিক্রি।

 

বুধবার (১৭ জুন) সকালে নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ, চকবাজার ও টমছমব্রিজ এলাকার বিভিন্ন ক্রীড়া সামগ্রীর দোকান ঘুরে দেখা যায়, সকাল থেকেই সেসব দোকানে ভিড় করছে ফুটবলপ্রেমীরা। অনেকেই নিজেদের জন্য জার্সি ও পতাকা কিনছেন, কেউ কেউ সন্তানদের আবদার পূরণ করতে ছুটে এসেছেন দোকানে।

 

 

কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোডের সান স্পোর্টসের স্বত্বাধিকারী মো. আলমগীর হোসেন কালের কণ্ঠকে বলেন, সারা বছর জার্সি বিক্রি করছি, তবে এবারের মতো এত উন্মাদনা আর দেখিনি। আজ (১৭ জুন) সকালে মেসির হ্যাটট্রিকের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আর্জেন্টিনার জার্সির বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। বিশেষ করে ১০ নম্বর জার্সির চাহিদাই সবচেয়ে বেশি। অনেক দোকানে আগের মজুদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে জার্সি আনতে হয়েছে।মেসির জার্সি কিনতে এসে জহির শান্ত নামের এক ক্রীড়াপ্রেমী কালের কণ্ঠকে বলেন, দুই ছেলে আর আমি আর্জেন্টিনার ভক্ত। খেলায় জয়ী হলে ছেলেদের জার্সি কেনার বায়না ছিল, তাই দোকানে এসেছি। ছেলেদের পছন্দ মেসির ১০ নম্বর জার্সি। দোকানে এসে দেখি অনেক ক্রেতার ভিড়। এবারের বিশ্বকাপ ক্রীড়াপ্রেমীদের মাঝে আলাদা উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

 

 

নগরীর জার্সি বিক্রেতা মো. শাফায়েত বলেন, ‘বিশ্বকাপ শুরুর পর থেকেই আর্জেন্টিনার জার্সির চাহিদা ছিল। তবে মেসির হ্যাটট্রিকের পর বিক্রি আরো বেড়েছে। ক্রেতারা এসে সরাসরি ১০ নম্বর জার্সি চাচ্ছেন।’ তিনি বলেন, ‘আমার দোকানে জার্সি শেষ। আবার অর্ডার করেছি। দুপুরের মধ্যেই মেসির জার্সি চলে আসবে।‘

 

জার্সি কিনতে আসা এক নারী অভিভাবক জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মেসির ভক্ত। তিনি বলেন, ‘আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোল দেখার পর থেকেই নতুন জার্সির জন্য বায়না ধরেছে। এর আগে তাকে একটি আর্জেন্টিনার পতাকা কিনে দিয়েছিলাম। এখন মেসির হ্যাটট্রিকের পর মেসির জার্সি কিনে দিতে আবদার করেছে। তাই তার জন্য জার্সি কিনতে এসেছি।’

 

আরেক সমর্থক বলেন, ‘মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আমাদের আবেগের নাম। তার হ্যাটট্রিক উদযাপন করতেই জার্সি কিনেছি।’

 

ক্রীড়ামোদী ও কুমিল্লা ফুটবল ক্লাব মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ খান কালের কণ্ঠকে বলেন, ‘মেসি তো মেসিই। তার তুলনা কোথাও নেই।’ তিনি বলেন, কুমিল্লার ফুটবলপ্রেমী ও খেলোয়াড়দের একটি বড় অংশজুড়েই রয়েছে মেসি ও আর্জেন্টিনা। ফলে নগরীর জার্সির দোকানগুলোতেও এখন জমজমাট বেচাকেনা চলছে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।