শিরোনামঃ

রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জমি রেজিস্ট্রেশন ব্যবস্থার জটিলতা নিরসন, ভূমি অফিসের আমলাতান্ত্রিক হয়রানি বন্ধ এবং পেশাগত অধিকার সুরক্ষায় আন্দোলনে নেমেছেন দলিল লেখকরা। সাব-রেজিস্ট্রি অফিসের বিদ্যমান ব্যবস্থা বহাল রাখা এবং ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ কর্মসূচির ডাক দিয়েছে ‘বাংলাদেশ দলিল লেখক সমিতি’।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী জেলার পবা উপজেলা দলিল লেখক সমিতি শেডে অনুষ্ঠিত জেলা সমাবেশে এসব দাবি জানান সংগঠনের নেতারা।

​বাংলাদেশ দলিল লেখক সমিতি, রাজশাহী জেলা শাখার সভাপতি এস এম আয়নাল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সানাউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা কমিটির শীর্ষ নেতারা বক্তব্য দেন।

​সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রি অফিসে বর্তমানে একদিনেই সহজ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় জমি রেজিস্ট্রি সম্ভব হচ্ছে। কিন্তু একটি অসাধু আমলাগোষ্ঠী নিজেদের ক্ষমতা ও নিয়ন্ত্রণ বজায় রাখা এবং বাড়তি অর্থ আদায়ের সুযোগ তৈরির উদ্দেশ্যে জমি রেজিস্ট্রির কাজ ভূমি অফিসে নেওয়ার চক্রান্ত করছে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে সাধারণ সেবাপ্রার্থীদের ভোগান্তি, দুর্নীতি ও দালালি বাণিজ্য চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

​সমাবেশ থেকে দলিল লেখকদের পেশাগত সুরক্ষায় ৭ দফা দাবি তুলে ধরা হয়:

​১. আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা।

২. দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী নির্ধারণ।

৩. লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কারও মাধ্যমে দলিল মুসাবিদা ও দাখিল বন্ধে প্রজ্ঞাপন জারি।

৪. সমিতি বা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া।

৫. সরকারি খরচে থানা ও জেলা কার্যালয়ে দলিল লেখকদের জন্য বসার ও প্রার্থনার স্থান নির্মাণ।

৬. গ্রহীতা ও দাতার সরবরাহ করা তথ্যের ভিত্তিতে দলিল লেখার কারণে কোনো প্রকার আইনি জটিলতায় দলিল লেখকদের আসামি না করা।

৭. অবিলম্বে স্বায়ত্তশাসিত ‘দলিল লেখক কাউন্সিল’ গঠনের অনুমতি দেওয়া।

​সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতি, রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল হক, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ইদ্রিস আলী, সামছুর রহমান ও মামুনুর রশীদ; দুর্গাপুর দলিল লেখক সমিতির আজিজুল হক বাচ্চু ও আলমগীর হোসেন; চারঘাট দলিল লেখক সমিতির ইয়াসিন আলী ও রুস্তম আলী; পুঠিয়া দলিল লেখক সমিতির আফজাল হোসেন; তানোর দলিল লেখক সমিতির আব্দুস সামাদ প্রাং; গোদাগাড়ী দলিল লেখক সমিতির গিয়াস উদ্দিন; পবা দলিল লেখক সমিতির আহসান হাবীব বাবু এবং বাঘা দলিল লেখক সমিতির শাহিন আলম প্রমুখ।

​সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, দ্রুত এসব যৌক্তিক দাবি মেনে না নেওয়া হলে সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।