মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত মানুষের ঘরের দেয়াল ভেঙে ঢুকে পড়েছে একটি দ্রুতগতির মাদকবাহী মাইক্রোবাস।
এ ঘটনায় ঘরের দেয়ালের চাপায় পড়ে আরশাদ আলী নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশেই আরশাদ আলীর বাড়ি। ভোরে যখন বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন, তখন দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তার ঘরে আঘাত করে। এতে ইটের দেয়াল ভেঙে পড়ে ঘরের মালিক আরশাদ আলী আহত হন। ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটি রাস্তার ওপর উল্টে
যায়।বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা দেখতে পান, মাইক্রোবাসটির ভেতরে গাঁজা রয়েছে। এ সময় স্থানীয় জনতা মাইক্রোবাসের চালক অনিক হোসেন বিপ্লবকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।
আহত আরশাদ আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসটি অত্যন্ত দ্রুতগতিতে গন্তব্যে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ওই বাড়িতে ঢুকে পড়ে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজা ও দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। আটক বিপ্লবের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চ
লছে।