শিরোনামঃ

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড


মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

নির্ধারিত বালুমহাল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিনজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ড্রেজার জব্দ করা হয়েছে।

 

 

রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড দেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউল সারোয়ার। জব্দ করা ড্রেজারটি নৌ পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

 

অভিযান সূত্রে জানা যায়, মেঘনা নদীর চরসোনারামপুর চর থেকে প্রায় ১ হাজার ২০০ মিটার পূর্বে এবং আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানি লিমিটেড (এপিএসসিএল) থেকে ৬০০ মিটার উত্তর-পূর্বে পাঁচটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালালে ড্রেজারগুলো কিশোরগঞ্জের ভৈরবের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

 

পরে ধাওয়া করে ‘এম বি মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামের একটি ড্রেজার আটক করা হয়। এ সময় ড্রেজারটির তিন চালক ও শ্রমিককে আটক করা হয়।

 

নির্ধারিত বালুমহাল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরডাইয়া গ্রামের মো. রাকিবুল (২২), ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি গ্রামের মো. সিরাজ এবং নরসিংদীর রায়পুরা উপজেলার দীন ইসলাম।

 

 

এদিকে, আশুগঞ্জের মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এর প্রতিবাদে গতকাল শনিবার আশুগঞ্জের বিভিন্ন এলাকার মানুষ ঢাকা-সিলেট মহাসড়ক

অবরোধ করে বিক্ষোভ করেন।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।