ভালুকায় বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৩
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন নাটোর গুরুদাসপুরের বিড়িচাপিলা সাধুপাড়ার ইয়াসিন সরকারের ছেলে বাসচালক রবিউল করিম সরকার (২৬)। বাসের হেলপার নাটোরের ইব্রাহিমপুর নাটোর লক্ষ্মীপুর ইব্রাহিমপুরের ফিরোজ মোল্লার ছেলে হালিম মোল্লা (৩৫) ও কন্ট্রক্টর নাটোর সদরের হয়বতপুরের আব্দুল কাদেরের ছেলে মাহবুবুর রহমান (৩০)।
থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, কালিয়াকৈর থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে ১৫ বছরের ওই কিশোরী সোমবার (৯ নভেম্বর) বাসে ওঠে। বাসচালক একপর্যায়ে বাসটি ঢাকার পরিবর্তে ভালুকার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসেন এবং বাস থেকে অন্যান্য যাত্রীদের নামিয়ে দিয়ে কিশোরীকে বাসের পেছনের সিটে বসিয়ে রাখেন।
ওই সময় কিশোরী বাসের লোকজনকে প্রশ্ন করলে তারা তাকে ঢাকার বাসে তুলে দেওয়ার নাম করে সময় ক্ষেপণ করতে থাকে।
একপর্যায়ে তারা ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ওই বাসের চালক, হেল্পার ও কন্ট্রক্টরকে আটক করে পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে।
ওই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) ভালুকা মডেল থানায় মামলা করেছেন।
ভালুকা মডেল থানার এসআই মো. আকরাম হোসেন জানান, যাত্রীবাহী বাসে কিশোরী ধর্ষণচেষ্টা ঘটনায় মামলা হয়েছে। আসামি তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :