শিরোনামঃ

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক


বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার পুত্রজায়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াইবি তুয়ান চিউ চুন মানের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠক করেন।

 

 

বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় দেশের পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা সৃষ্টির পাশাপাশি পর্যটন খাতে নতুন সহযোগিতার সুযোগ উন্মোচনের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

 

আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও প্রি-ভেরিফিকেশন এবং পর্যটন খাতে অভিজ্ঞতা, জ্ঞান ও সাফল্যের মডেল বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

 

 

এছাড়া, হসপিটালিটি বা আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার বিষয়েও দুই পক্ষ আলোচনা করে। মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদা পূরণ এবং যোগ্য বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এ ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

 

বৈঠকে উভয় পক্ষ পর্যটন উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরো গভীর করার ওপর গুরুত্বারোপ করে। এ ধরনের সহযোগিতা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।বৈঠকে বাংলাদেশের পক্ষে আরো উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা ও প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ। অন্যদিকে মালয়েশিয়ার পক্ষে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক চুয়া চুন হুয়া, ট্যুরিজম মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রচার (এশিয়া ও আফ্রিকা) বিভাগের পরিচালক মাদাম নুওয়াল ফাদিলাহ কু আজমিসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।