ফরিদপুরের সালথা উপজেলা সফর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আজ শনিবার দুপুর ২টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত ফরিদপুরের সালথা উপজেলা সফর করেন।
সফরকালে তিনি উপজেলার রসুলপুরে অবস্থিত বাসুয়ার কান্দি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পরিদর্শন করে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এছাড়া উপজেলার যদুনন্দী ইউনিয়নে একটি সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, সালথা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অমিতাভ হালদার, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশে এখনো তা বৃদ্ধি করা হয়নি—এটিকে তিনি সরকারের একটি বড় সফলতা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।