পোল্যান্ডে ছয়জনকে হত্যার অভিযুক্ত বন্দুকধারীর মৃত্যু
পোল্যান্ডের ক্রাকো শহরের কেন্দ্রে গুলি চালিয়ে ছয়জনকে হত্যার ঘটনায় অভিযুক্ত তরুণ বন্দুকধারী হাসপাতালে মারা গেছেন। সোমবার ভোরে পুলিশ এ তথ্য জানিয়েছে।
দেশটির ইতিহাসে এটাই প্রথম বড় ধরনের এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যার ঘটনা।
রয়টার্স যানায়, শনিবার গাড়ির ভেতর থেকে ক্রাকোর ঐতিহাসিক প্রধান চত্বরে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালান ওই তরুণ। ঘটনার কয়েক মিনিটের মধ্যে পুলিশ তাকে গুলি করে আটক করে। তবে হামলাকারী সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
সরকার জানিয়েছে, হামলাকারীর বয়স ২৪ বছর। তিনি পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের অস্ট্রোভিয়েক শভিয়েন্তোকশিস্কি শহরের বাসিন্দা। শহরটির জনসংখ্যা ৬০ হাজারের কিছু কম। উগ্র ডানপন্থী মতাদর্শে প্রভাবিত হয়ে তিনি হামলা চালিয়ে থাকতে পারেন বলে জানিয়েছে সরকার।
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যারোলিনা গালেতস্কা সোমবার রেডিও টোক এফএমকে বলেন, হামলাকারীর পোশাকে বিভিন্ন ধরনের প্রতীক ছিল। এর মধ্যে কয়েকটি পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, এসব প্রতীকের সঙ্গে বিভিন্ন বিষয়ের সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞরা সেগুলো বিশ্লেষণ করছেন।
তদন্ত চলমান থাকায় এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :