|
Getting your Trinity Audio player ready...
|

নিজ জমিতে নির্মিত দোকানঘর ভাঙচুরের চেষ্টা ও আগুন দেওয়ার হুমকির অভিযোগ, ফরিদপুরে থানায় লিখিত অভিযোগ
বিপুল চন্দ, ব্যুরো চিফ ফরিদপুর দেশের প্রত্যয় নিউজ ডেস্ক
ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আদমপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীর মালিকানাধীন দোকানঘর ভাঙচুরের চেষ্টা এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আদমপুর এলাকার বাসিন্দা মোসা. রাশেদা খাতুনের সঙ্গে একই এলাকার স্কেন্দার শেখের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। রাশেদা খাতুনের দাবি, তিনি বৈধ কাগজপত্রের ভিত্তিতে নিজ মালিকানাধীন জমি এবং সংলগ্ন অংশে একটি দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটির নামে নামজারি সম্পন্ন রয়েছে এবং নিয়মিত খাজনাও পরিশোধ করা হচ্ছে।
তার অভিযোগ, জমির বৈধ মালিক হওয়া সত্ত্বেও প্রতিপক্ষ বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
লিখিত অভিযোগে রাশেদা খাতুন উল্লেখ করেন, গত ১৬ মে সকাল প্রায় ১১টার দিকে স্কেন্দার শেখ ও তার সহযোগীরা তার দোকানঘরের সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা দোকানঘর ভাঙচুরের চেষ্টা চালায় এবং দোকানটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তার আশঙ্কা, বিরোধকে কেন্দ্র করে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
ভুক্তভোগী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত স্কেন্দার শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :