পাবনায় ধারের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে এক স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার প্রেমিক ও চাচাতো ভাই নাঈমের বিরুদ্ধে। পরে মরদেহ গুম করার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করে।
বুধবার (৩ জুন) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান।
নিহত রিয়া খাতুন (১৫) সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামের আজিজুল প্রামাণিকের মেয়ে। তিনি জালালপুর কছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. নাঈম (২১), শফিক শেখের ছেলে মো. ইয়াসিন শেখ (১৯) এবং শিমুল প্রামাণিকের ছেলে তুহিন প্রামাণিক (১৭)।
পুলিশ জানায়, রিয়া ও নাঈমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার (২ জুন) সকাল ১১টার দিকে রিয়া নাঈমের বাড়িতে যান। সেখানে পার্লারে যাওয়ার জন্য আগে ধার দেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র হলে নাঈম রিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন।হত্যার পর মরদেহ নিজের বিছানায় চাদর দিয়ে ঢেকে রাখেন নাঈম। পরে বন্ধু ইয়াসিন ও তুহিনকে ডেকে ঘটনার কথা জানান এবং মরদেহ সরিয়ে ফেলতে সহযোগিতা চান। এরপর তিনজন একটি সাদা রঙের প্রাইভেটকারে করে মরদেহ নিয়ে সদর উপজেলার বলরামপুর এলাকার পীরপুরে পদ্মা নদীর তীরে ফেলে রেখে আসেন।
বুধবার সকাল ১০টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ পদ্মা নদীর চর এলাকা থেকে রিয়ার মরদেহ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট তদন্ত শুরু করে।
আধুনিক প্রযুক্তি,গোয়েন্দা তথ্য এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত মরদেহ পরিবহনকারী প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নিহতের সঙ্গে কোনো ধরনের যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের স্বার্থে আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, নিহতের পরিবারের দায়ের করা মামলার পর গ্রেপ্তারদের আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :