কিশোরগঞ্জের করিমগঞ্জে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হামলায় জ্যোৎস্না বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় সাতজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।
এ মামলায় অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জহির উদ্দীন এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, রবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)। খালাসপ্রাপ্তরা হলেন, আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার ও নুরুন্নাহার।
মামলায় রাষ্ট্রপক্ষে নিযুক্ত সহকারী কৌসুলী অ্যাডভোকেট রহম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া জাটিয়াপাড়ায় চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। প্রতিবেশী কলি আক্তারের রান্নার চুলার ধোঁয়া হাবিবুর রহমানের বসতঘরে প্রবেশ করায় তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম চুলাটি সরানোর অনুরোধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আসামিরা জ্যোৎস্না বেগমের ওপর হামলা চালান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :