শিরোনামঃ

একটি পাকা সেতুর অভাব, দুর্ভোগে তিন গ্রামের মানুষ

অনলাইন ড্রেস
একটি পাকা সেতুর অভাব, দুর্ভোগে তিন গ্রামের মানুষ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

একটি পাকা সেতুর অভাব, দুর্ভোগে তিন গ্রামের মানুষ

পটুয়াখালীর গলাচিপার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে ঝুঁকি নিয়ে পশ্চিম তাফালবাড়িয়া খালের ওপর বাঁশের সাঁকো পার হচ্ছে শিক্ষার্থীরা। সোমবার তোলা। কালের কণ্ঠ

 

তিন গ্রামে বাসিন্দা প্রায় সাত হাজার। তার মধ্যে শিক্ষার্থী পাঁচ শ।

 

 

বিদ্যালয়ের পথে একটি বড় খাল। খালের ওপর বাঁশের সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সেই খাল পার হয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে পশ্চিম তাফালবাড়িয়া খালের ওপর একটি সেতুর অভাবে শুধু শিক্ষার্থী নয়, দুর্ভোগ পোহাতে হচ্ছে তিন গ্রামের মানুষকে।

 

 

স্থানীয় সূত্র জানায়, তাফালবাড়িয়া গ্রামে অবস্থিত নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠান দুটির সামনেই এ খাল। খালটি দিয়ে প্রতিদিন অন্তত ৫০০ শিক্ষার্থীসহ তিন গ্রামের মানুষের যাতায়াত। দুর্ভোগ থেকে রেহাই পেতে স্থানীয়রা খালটির ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন, কিন্তু সাঁকোটি দিয়ে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের, বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের।

 

 

তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবার ভাষ্য, ‘আমি এই সাঁকো দিয়ে প্রতিদিন স্কুলে যাই, কিন্তু এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে; প্রায়ই পা পিছলে পড়ে যাই। আবার যারা ছোট, প্রাইমারি স্কুলে পড়ে, তাদের ভয় আরো বেশি। কারণ তারা সাঁতার জানে না।’

 

 

পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন বলেন, এ সাঁকো দিয়ে ৪,৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ যাতায়াত করেন, কিন্তু সাঁকো পার হতে গিয়ে অনেকবার স্কুলের বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়েছে। একটা পাকা সেতু হলে দুর্ভোগ লাঘব হবে।

 

 

আলগী তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল রশিদ খা বলেন, ‘আমাদের দাবি, দুরবস্থা লাঘবে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।’

 

সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘আমাদের এ বিদ্যালয়ের উত্তর পাশে একটি বড় খাল রয়েছে। এ খালে ২৪০ ফুটের একটি বাঁশের সাঁকো রয়েছে। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্নভাবে সেতু নির্মাণের চেষ্টা চালাচ্ছি, কিন্তু অজানা কারণে তা হচ্ছে না।’

 

 

 

এ ব্যাপারে আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন বলেন, আগে ওই সাঁকোর জায়গায় একটি পুল ছিল। পুলটা ভেঙে যাওয়ার পর এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা পুলের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি।

 

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ‘আমখোলা ইউনিয়নের নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে বাঁশের সাঁকো রয়েছে, সেখানে সেতুর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।