শিরোনামঃ

সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

অনলাইন ড্রেস
সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদপুরের সালথা উপজেলায় কাগদী মুরুটিয়া আলহাজ্ব মো. আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন শরিফের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় মাঠে একত্র হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা হঠাৎ করে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে বিদ্যালয় মাঠে একত্রিত হয় এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা অভিযোগ করে, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম, প্রশাসনিক দুর্বলতা এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবি উপেক্ষা করা হচ্ছে।

 

 

এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা ক্লাস বর্জন করে।

এ ঘটনায় বিদ্যালয়জুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত হন। পরে খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবীর উদ্দীন ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি পরিস্থিতি শান্ত করেন এবং শিক্ষার্থীদের পুনরায় ক্লাসে ফিরিয়ে দেন।

 

 

তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একটি পক্ষ শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দিয়েছে। অভিযোগের অনেক বিষয়ই যাচাই করা প্রয়োজন।

 

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন শরিফ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। শিক্ষার্থীদের সঙ্গে কিছু ভুল-বোঝাবুঝি হয়েছিল, যা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সমাধান হয়েছে।

 

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবীর উদ্দীন বলেন, ‘প্রতিষ্ঠানের হিসাব-নিকাশে কিছু অস্পষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

ঘটনার পর বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে বলে জানা গেছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।