|
Getting your Trinity Audio player ready...
|

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের প্রভাবে ক্ষতিগ্রস্ত কাতারের প্রতি সংহতি প্রকাশ করতে দেশটিতে সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফরকালে তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাতারের নেতৃত্বের কাছে বার্তা পৌঁছে দেবেন।
হুমায়ুন কবির রবিবার (২৯ মার্চ) কাতারে পৌঁছেছেন। তার এই সফরে কাতারের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।আলোচনায় গুরুত্ব পাবে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং প্রবাসী শ্রমিকদের বিভিন্ন বিষয়।
কাতারের কেবিনেট সদস্য ও পররাষ্ট্রবিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সোমবার (৩০ মার্চ) স্থানীয় সময় দুপুরে সৌজন্য সাক্ষাৎ করবেন হুমায়ুন কবির। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষ থেকে সংহতির বার্তা তুলে ধরা হবে।
এ ছাড়া বৈঠকে জ্বালানি সংকট মোকাবেলায় কাতারের সঙ্গে সম্ভাব্য চুক্তি এবং এ বিষয়ে সহযোগিতার বিষয়েও আলোচনা হতে পারে।
সফরসূচির অংশ হিসেবে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করবেন হুমায়ুন কবির। সেখানে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের সার্বিক কল্যাণ, সুবিধা এবং চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সমস্যাগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফর শেষে হুমায়ুন কবিরের আগামীকাল মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :