মেহেরপুরের গাংনী উপজেলায় স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ‘লাটাহাম্বার’-এর চাপায় সানজিদা খাতুন (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল পৌনে ১১টার দিকে তেঁতুলবাড়িয়া-বামন্দী সড়কের করমদি সন্ধানী মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানজিদা খাতুন করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে করমদি গ্রামের কাপড় ব্যবসায়ী সাজেদুল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, সানজিদা রাস্তা পার হওয়ার সময় তেঁতুলবাড়িয়া এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা বালুবোঝাই স্যালো ইঞ্জিনচালিত ‘লাটাহাম্বার’ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় চালক সাব্বির হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ হোসেন বলেন, দুর্ঘটনার পর চালক পালানোর চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।