|
Getting your Trinity Audio player ready...
|

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাতের আঁধারে এক কৃষকের ১৪ শতক জমির পুরো মরিচক্ষেত বিনষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। স্বপ্নের ফসল হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঘবের উমেদপুর গ্রামে বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে জমিতে গিয়ে ফসল বিনষ্ট অবস্থায় দেখতে পান কৃষক ইমাম হোসেন খোকন।
এর পর থেকেই তিনি ভেঙে পড়েন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই মাস আগে নিজের ১৪ শতক জমিতে বগুড়া থেকে আনা বিদেশি হাইব্রিড উচ্চ ফলনশীল জাতের মরিচের চাষ করেন ইমাম হোসেন খোকন। ফলন ভালো হওয়ায় তিনি লাভের আশা করেছিলেন।
আগামী এক সপ্তাহের মধ্যে মরিচ বাজারজাত করার পরিকল্পনাও ছিল তার। এ পর্যন্ত চাষাবাদে প্রায় ২৮ হাজার টাকা ব্যয় হয়েছে।
তবে রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মরিচগাছগুলোর ওপরের অংশ ভেঙে ফেলে রেখে যায়। এতে পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়।
কৃষক ইমাম হোসেন খোকন বলেন, আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। কারা এমন সর্বনাশ করল, বুঝতে পারছি না। আগের কয়েকটি ফসলে লোকসানের পর এবার হাইব্রিড মরিচের আবাদ করেছিলাম। কষ্টের ফসল নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট লাগছে। উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, যারা এ কাজ করেছে, তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে।
এতে শুধু কৃষকেরই নয়, খাদ্য উৎপাদনেরও ক্ষতি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

















আপনার মতামত লিখুন :