মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামের এক ওয়াই-ফাই সার্ভিস কর্মী নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ ওই ইউনিয়নের ভাটাউছি গ্রামের বাসিন্দা মাসুক উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার পাবনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ারে উঠে ওয়াই-ফাই সংযোগের কাজ করছিলেন আরিফ।এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’