অন্যদিকে মহাখালী বাস টার্মিনালে উত্তরবঙ্গগামী মানুষের ভিড় বাড়ছে।
ঈদ মানেই ঘরে ফেরার টান, প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার এক অদম্য আকুলতা। সেই টানেই রাজধানী ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। শেষ কর্মদিবসে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরেছে চিরচেনা সেই ব্যস্ততা, আর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও ধোলাইপাড় বাস টার্মিনালেও যেন জমে উঠেছে ঘরে ফেরার অপেক্ষা।
সোমবার (১৬ মার্চ) সরেজমিন দেখা যায়, সদরঘাটজুড়ে মানুষের ঢল।কেউ পরিবারের হাত ধরে, কেউ ব্যাগভর্তি স্বপ্ন নিয়ে ছুটছেন বরিশাল, ভোলা, চাঁদপুর, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের পথে। মুখে ক্লান্তি থাকলেও চোখেমুখে এক ধরনের আনন্দ, বাড়ি ফেরার আনন্দ। ভিড় এড়াতে অনেকেই আগেভাগেই রওনা হয়েছেন। সংশ্লিষ্টদের ধারণা, আজ মঙ্গলবার থেকে এই ভিড় আরো বাড়বে।
অন্যদিকে মহাখালী বাস টার্মিনালে উত্তরবঙ্গগামী মানুষের ভিড় বাড়ছে।
যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিআরটিএ, পুলিশ, সিটি করপোরেশন ও পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে ভিজিল্যান্স টিম কাজ করছে। অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে চলছে নজরদারি।
এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতেও বাড়ছে যানবাহনের চাপ। তবে এখনো চলাচল স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সন্ধ্যা আর ভোরের দিকে চাপ আরো বাড়তে পারে।