|
Getting your Trinity Audio player ready...
|

ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত
শংকর দাস পবন, সহঃবার্তা সম্পাদক
ঝালকাঠি পৌরসভার আয়োজনে বুধবার (২৪ জুন) বিকেলে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বিকেল ৪টায় ফাইনাল ম্যাচ শুরু হলে স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা নৈপুণ্যপূর্ণ ফুটবল প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন। খেলার পুরো সময়জুড়ে ছিল উত্তেজনা, প্রতিযোগিতামূলক মনোভাব এবং উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ৯ নং ওয়ার্ড এবং রানারআপ ৭ নং ওয়ার্ড দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের সুস্থ ও সৃজনশীল জীবন গঠনে সহায়তা করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ক্রীড়াবিদ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত ‘পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সফল সমাপ্তিতে অংশগ্রহণকারী দল, আয়োজক ও দর্শকদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :