|
Getting your Trinity Audio player ready...
|

দেশের সার সরবরাহ, বিতরণ ও বাজার ব্যবস্থাপনা আরো কার্যকর করতে একটি ‘জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটি’ গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে সোমবার (২২ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি খাতে সার ব্যবস্থাপনার চাহিদা, উৎপাদন, আমদানি, মূল্য পরিস্থিতি ও বিতরণ ব্যবস্থার সার্বিক তদারকি এবং নীতিগত সুপারিশ প্রণয়নই হবে এ কমিটির মূল দায়িত্ব।
কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সদস্য হিসেবে আছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কয়েকজন সংসদ সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা।
এছাড়া কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবরা।
সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন।প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি দেশের সার চাহিদা, উৎপাদন, আমদানি ও মূল্য পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে সরকারকে সুপারিশ দেবে। পাশাপাশি কৃষকের কাছে সময়মতো সার পৌঁছানো নিশ্চিত করতে বিতরণ ব্যবস্থা পর্যবেক্ষণ ও মনিটরিং করা হবে। এছাড়া সার ডিলার নিয়োগ পদ্ধতি পর্যালোচনা করে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার বিষয়ে সুপারিশ প্রদান করবে কমিটি।
ইউরিয়া ও নন-ইউরিয়া সার সরবরাহ ও বিতরণ সংক্রান্ত অন্যান্য বিষয়ও কমিটির পর্যালোচনার আওতায় থাকবে। প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে এবং নিয়মিত বা প্রয়োজন অনুযায়ী সভা করতে পারবে। কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
প্রজ্ঞাপনে আরো জানানো হয়েছে, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর জারি করা পূর্ববর্তী প্রজ্ঞাপনটি বাতিল হিসেবে গণ্য হবে এবং নতুন কমিটি অবিলম্বে কার্যকর হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :