অবৈধ দেয়াল’ ভাঙলো বিক্ষুব্ধ জনতা, নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ির পথ উন্মুক্ত

admin5
অবৈধ দেয়াল’ ভাঙলো বিক্ষুব্ধ জনতা, নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ির পথ উন্মুক্ত
Getting your Trinity Audio player ready...

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে অবস্থিত নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের ঐতিহাসিক প্রবেশপথে নির্মিত ‘অবৈধ ইটের দেয়াল’ গুঁড়িয়ে দিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

 

 

স্থানীয় সূত্র জানায়, উপমহাদেশের প্রথম মুসলিম নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহ্যবাহী জমিদার বাড়ির গেজেটভুক্ত প্রবেশপথটি গত বছরের ৩০ অক্টোবর রাতে ছৈয়দ আলী নামের এক ব্যক্তি ইটের দেয়াল নির্মাণ করে বন্ধ করে দেন। এরপর দীর্ঘদিন ধরে পথটি বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

 

অভিযোগ রয়েছে, জমির মালিকানা দাবি করে ২০২৪ সালের ৩ মার্চ আদালতে একটি মামলা দায়ের করেন ছৈয়দ আলী, যা বর্তমানে বিচারাধীন। তবে মামলার নিষ্পত্তির আগেই প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় স্থানীয় বাসিন্দা, ওয়াকফ এস্টেট প্রশাসন ও সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

 

 

স্থানীয়রা জানান, প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অবৈধ দেয়াল অপসারণের জন্য নোটিশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। পরে জনরোষের মুখে সোমবার রাতে বিক্ষুব্ধ জনতা দেয়ালটি ভেঙে ফেলে এবং দীর্ঘদিন বন্ধ থাকা প্রবেশপথ পুনরায় উন্মুক্ত করে।

 

ওয়াকফ এস্টেট প্রশাসনের এক প্রতিনিধি বলেন, ঐতিহাসিক স্থাপনার প্রবেশপথ এভাবে বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে তারা শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন।স্থানীয় আইনজীবী ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘আইনগতভাবে কোনো চলাচলের পথ বন্ধ করা যায় না। এমনকি জমির মালিকানা থাকলেও জনসাধারণের ব্যবহৃত প্রবেশপথ বন্ধ করা বেআইনি।’

 

এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা বলেন, বিষয়টি তার নজরে এসেছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রসঙ্গত, নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহাসিক জমিদার বাড়ি ও জাদুঘরটি দেশের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর একটি।

 

 

প্রতি বছর দেশ-বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী এ স্থাপনা দেখতে আসেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।