কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস দুর্ঘটনায় নিহত দুলালের পরিবারের খোঁজখবর ও আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ। রবিবার (৩১ মে) উপজেলার কেজি স্কুল পাড়া দেওয়ানের খামার গ্রামে নিহত দুলালের বাড়িতে উপস্থিত হয়ে তার বড় ভাই ও স্ত্রীর খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ পরিবারের লোকজন উপস্থিত ছিল।
এ সময় ইউএনও অমৃত দেবনাথ জীবন বাজি রেখে দুলালের বাস যাত্রীদের জীবন বাঁচানোর ঘটনাকে নজিরবিহীন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার পরিবারের মঙ্গল কামনা করেন। পরিবারটিকে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে নিহত দুলালের স্ত্রী মোসলিমা খাতুনকে আর্থিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২৯ মে) রাতে আহসান পরিবহনের একটি বাস ধলেশ্বরী টোল প্লাজার নিকট পৌঁছলে হঠাৎ করে বাসটির ব্রেক ফেল করে। শত চেষ্টা করেও ড্রাইভার যখন বাসটির নিয়ন্ত্রণ আনতে পারছিলেন না তখন শেষ চেষ্টা হিসেবে বাসের হেলপার দুলাল যাত্রীদের জীবন বাঁচাতে বাস থেকে নেমে কাঠের গুঁড়ি ও ভারী জাতীয় জিনিস চাকার নিচে দিয়ে বাসটি থামানোর চেষ্টা করেন। এভাবে বাসটি থামাতে গিয়ে তিনি নিজেই চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে নিজের জীবন দিয়ে বাসটি থামান এবং বাসের যাত্রীরা সবাই অক্ষত অবস্থায় রক্ষা পায়।